তাওহীদ হৃদয়ের করা দিনের শেষ ওভারের পঞ্চম বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইয়ান মুল্ডার। তাঁকে ফিরিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না হৃদয়ের। এমন বুনো উদ্যাপনের মাঝেও যেন বাংলাদেশের দুর্দশা আড়াল করার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার দাপুটে পারফরম্যান্সের সামনে মুখ থুবড়ে পড়া অতিথিদের সামনে এখন ইনিংস হারের শঙ্কা।
দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪০৩ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের করা ৯১ রানের জবাবে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান। এই ম্যাচে এখন ইনিংস হার এড়ানোই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
সুপারস্পোর্টস পার্কে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় দেয়ালটা তুলেছিলেন মার্কাস অ্যাকারম্যান ও উইয়ান মুল্ডার। দুজনই সেঞ্চুরির দেখা পান। এ ছাড়া ফিফটি করে দক্ষিণ আফ্রিকার ইনিংসে অবদান রেখেছেন টনি ডি জর্জি ও মার্কো জানসেন।
দক্ষিণ আফ্রিকার বড় লিডের পেছনে বাংলাদেশের ফিল্ডারদের অবদানও কম নয়। পাঁচটি ক্যাচ ছেড়েছেন সফরকারীরা। এ ছাড়া আম্পায়ার্স কলের সুবিধাও পেয়েছে প্রোটিয়ারা। সবমিলে সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দুই দিনে কোনো সুখস্মৃতিই নেই বাংলাদেশের।
১ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকা এদিন স্কোরবোর্ডে তুলে ৪০৬ রান। ৪৬ রানে ব্যাট করতে নামা মার্কাস অ্যাকারম্যান থামেন ১৫০ রানের ইনিংস খেলে। ২৩ চার ও ৪ ছক্কায় সাজানো তাঁর ১৩৮ বলের ইনিংস। সেঞ্চুরি করে ১০০ রানেই হৃদয়ের বলে থামেন মুল্ডার। ৬৭ রানে অপরাজিত থাকা জানসেনের সামনেও আছে সেঞ্চুরির সুযোগ। দুবার জীবন পেয়ে জর্জি থামেন ৬৬ রানে।
শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নিলেও বাংলাদেশের পেসাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে কতটা অসহায় ছিল, সেটা প্রমাণের জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট। সবচেয়ে বেশি ২৩ ওভার করেছেন পার্টটাইম স্পিনার মুমিনুল হক। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ ২১ ওভার করে হাত ঘুরিয়েছেন খালেদ ও শরীফুল। আরেক পার্টটাইম স্পিনার হৃদয়কে দিয়ে ১২ ওভার করিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
শান্তর কোনো পরিকল্পনাই কাজে আসেনি। এখন তাই ইনিংস হারের লজ্জা এড়াতে ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকতে হবে অধিনায়ককে। বিপদের দিনে ব্যাটাররা দলের হাল ধরতে পারবেন তো?
















